আমিতো আমাদেরই একজন
আমিতো আমাদের মতো আসমান জমিন নক্ষত্র ভালোবাসি
আমিতো আমাদের মতো একই প্রাণের সঞ্চারে জাগি
আমিতো নিশুতি রাতে, মানব হয়ে বর্ধিত হতে থাকি
একান্ত মানবীয় গুণে মানবিক জৈবিকতা লাভ করি
শিরা উপশিরায় শারিরীক খিদে নিয়ে যাপন করতে এসেছি
আমিতো আমাদেরই একজন
আহারে পুষ্টিত হতে পারি
পৃথিবীর ভেতরে চাঁদ দেখি গায়ে জোছনা বিলাস করি
আমি আমাদের মতো অর্পিত শক্তিতে নড়িচড়ি
সবার মতো দুচোখে বর্ণিল ধরা দেখি
তুমি কিংবা সে অথবা আমাদের মতো জমিনে কিতাব পড়ি
পিতৃত্ব স্নেহ হৃদয়ে ধারণ করে মাতৃত্বকে ভালোবাসি
পৃথিবীর মানচিত্র থেকে দিনের উজ্জ্বলতা গায়ে মাখি
আমিতো আমাদের মতোই রাতের আঁধারে চোখ মুদি
সকলের মতো সূর্যের কাছে ঋণ স্বীকার করে মৃত্তিকার আদি প্রাণে জাগি
গাছের কাছে ফুলের রেণুতে ফলের কাছে নিজেকে খুঁজি
আমিতো আমাদের মতো প্রিয়ার হাতে গোলাপ গুঁজি
হিমশীতল দেহে মৃত্তিকায় শীতল পরশ খুঁজি
সকলের মতো জাগতিক জীবন থেকে প্রস্থান করি
আমিতো আমাদের মতো যোনিতে শস্যের আবাদ করি
সকলের মতোই শতম কিংবা কেন্তমে কথা বলি
গেরস্থানে শ্মশানে চিতায় লাশ বহন করি
মানবের মাঝে ফল্গুধারার বহমান থাকি
আমিতো আমাদের মতো কুন ফায়াকুন
মানবের মতো মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাই
মস্তিষ্কের শক্তি ব্যয় করি
বুদ্ধিবৃত্তিক বিপ্লবে চিন্তাশক্তির মূল্য দিয়ে থাকি
তাহলে আমিতো আমাদেরই একজন
যদি তাই হয়, তবে তুমি আর সে কেন?
কেন আমার থেকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট হবে?
শুধু আমি নই
আমি তুমি সে অর্থাৎ আমরাই সবাই শ্রেষ্ঠ
তাই আমিতো আমাদেরই একজন
যদি তা না হয়, হৃদয় হবে উৎখাত, বেড়ে যাবে দানবের উৎপাত
তাই আমিতো আমাদের মতোই
আমিতো আমাদেরই একজন।
কবি: নাফিক আব্দুল্লাহ।





![pprcut4-[Converted]](http://behumanefirst.com/wp-content/uploads/2022/02/pprcut4-Converted.jpg)







