কোথা থেকে এসেছি আমি?
গঙ্গাজলে পবিত্র হয় ভিন্ন মানুষ
আমি সুস্থ হই জমজম পানে
জন্ম আমার লুসাই হতে
এমন তথ্য সত্য হলে
আদমের কেউ নয় আমি।
আমার অন্য নাম কাবিল
আমি হাবিলের হত্যাকারী
তবে এখান থেকে লেখা হবে
রক্তপাতের ইতিহাস।
আমি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একজন
আমাকে দেখেছিল অনুসন্ধিৎসু একজন পর্যটক
ইরাকের মণ্ডলে
বাবার মুখমণ্ডল ছুঁয়ে বিশ্বজয়ের নেশায় গৃহত্যাগী
আমি বীরপুরুষ নই
তবুও তোমরা আমাকে দেখেছ গাজায় মৃত্যুরুপে।
লাশের মিছিলে অপ্রয়োজনীয় একটি মুখ
নিজেকে ভীষণ বেমানান মনে হয়
সুন্দরী মডেলে পাশে
তাকে পাওয়ার জন্য তোমরা ধ্বংস করছো
এখনো ট্রয় নগরী
সে আমি নিছক কেন খুঁজছি
সিন্ধুসভ্যতার অতলে
পিতৃকুলের ঠিকুজি?
নামহীন পরিচয়হীন অনার্য যুবক আমি
হাজার বছর উৎস সন্ধান করেও
আমি পাব না পাখির মূল স্বাধীনতা।
“পা রেখনা বারান্দার বাইরে” কাব্যগ্রন্থের কবিতা “কোথা থেকে এসেছি আমি”
কবি: সাজিদুল হক।













