অমর একুশের গানের রচয়িতা, বর্ষীয়ান লেখক, কলামিস্ট, কিংবদন্তি সাংবাদিক, মানবতাবাদী সংগঠন Humane First Movement এর উপদেষ্টা আবদুল গাফফার চৌধুরীর স্মরণে Humane First Movement চট্টগ্রামের উদ্যোগে স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এই স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংগঠন এর চট্টগ্রাম ক্যাম্পেইন সমন্বয়ক অধ্যাপক গোফরান উদ্দীন টিটুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি নাট্যজন সনজীব বড়ুয়া, সংস্কৃতিজন সজল চৌধুরী। বক্তারা তাদের বক্তব্যে নন্দিত লেখক আবদুল গাফফার চৌধুরীকে স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক এবং সাহসী মানুষ। সংবিধানের ধর্ম নিরপেক্ষতা নিয়ে যিনি সবসময়ই কথা বলতেন এবং সকল অন্যায় এর বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তিনি ছিলেন অসাম্পদায়িক চেতনার বিশ্বাসী, বাঙালির বাতিঘর।

তারা আরো বলেন, আবদুল গাফফার চৌধুরী তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে দীর্ঘকাল মানুষের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। “ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি “ এই অমর গানটির জন্যই তাকে সবাই আজীবন মনে রাখবে।

হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর সদস্য হামিদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি নাফিক আব্দুল্লাহ, প্রবন্ধ পাঠ করেন ক্যাম্পেইন সমন্বয়ক সৈয়দা সেলিমা আক্তার, ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেন স্বেচ্ছাসেবী সমন্বয়ক মিলন দত্ত, ডাঃ সানাই ত্রিপুরা। স্মরণ সন্ধ্যায় আবদুল গাফফার চৌধুরীর লিখা কবিতা আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী শামীমা ইয়াসমিন মুন্নী, আবৃত্তিশিল্পী প্রতিমা দাশ এবং আবৃত্তিশিল্পী দেবজয় চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য পুলক মিত্র, রুপন বর্মন, শংকর দাশ, উজ্জ্বল সরকার, রাকিব উদ্দিন, আবীর দত্ত, বিনোদিনী বিন্দু, পার্থ সরকার, শিপ্রা দাশ প্রমুখ।