আমি জন্মসূত্রে নরম স্বভাবের মানুষ, হ্যাঁ নরম স্বভাবের। কেউ ভুল করে একবার সরি বলে, আমি তিনবার বলি। অনেক সময়(
দেখা যায় প্রায় সময়) আমার মতের সাথে কারো মতের মিল না হলেও আমি চুপ করেই থাকি। তর্ক করে নিজের কথাকে
প্রতিষ্ঠিত করার রুচি বা সামর্থ কোনটাই আমার নেই।

ছোটবেলা থেকেই এই পৃথিবীর সবকিছুই আমি আগ্রহের সহিত অবলোকন করি। পশুপাখি গাছপালা, প্রকৃতি খুব ভালোবাসি(
একা থাকলে তাদের সাথে কথাও বলি)। স্বাভাবিকভাবেই মানুষের প্রতিও আমার ভালোবাসা কাজ করে। হয়ত এর থেকেও
বেশি কাজ করে।

দোলনাতে দোল খেতে খেতে যে শিশু হাসে, তার হাসি আমি ভালোবাসি।বৈশাখে ধান তোলার পর রোদে ধান মেলে দেয় যে গ্রাম্য
বউটি, আমি তাকেও ভালোবাসি। তারা কোন ধর্মের এটা না জেনেও ভালোবাসি। কারো সাথে পরিচিত হলে, তার সাথে আড্ডা
দিলে, আমার তার ধর্মীয় পরিচয় নিয়ে আগ্রহ হয় না।

আমার কারোর কোন ধর্মীয় পরিচয় নিয়ে জানার আগ্রহ হয় না। আমার নিজের ধর্মীয় পরিচয়ও আমার কাউকে জানানোর
আগ্রহ হয় না। ওটা আমার একান্ত চিন্তা চেতনার বিষয়। তবে নিজের মানবিক অর্থাৎ মনে মননে আমি কিরকম, কিংবা
অন্যজন কিরকম… সেটা জানার অবশ্যই দরকার আছে বলে মনে করি। কারণ সহিষ্ণুতা, নম্রতা, মানবিকতা, ভালোবাসা
এগুলোই আমাদের ভালো রাখে।

আমি নিজে যেমন ভালো থাকতে চাই, বাংলাদেশের সব মানুষ ভালো থাকুক এটাও চাই। মানবিক বাংলাদেশ চাই।

Writer:

Anurha Boivob Maloncha